
বিনোদন প্রতিবেদক : 2026-01-20
এই প্রজন্মের কণ্ঠশিল্পী তরিক মৃধা আধুনিক, ফোক ও হিন্দি গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। ‘সেরাকণ্ঠ-২০১৭’ খ্যাত এই শিল্পীর গত বছর কেটেছে গানেই, আর চলতি বছরও আরও ভালো যাবে বলে আশাবাদী তিনি। বছরের শুরুতে তরিক বিটিভিতে একটি মৌলিক গান গাওয়ার মাধ্যমে কাজ শুরু করেন। এরপর স্টেজ শোতে ব্যস্ততা বাড়তে থাকে। ঢাকায় একাধিক শোর পাশাপাশি তিনি পঞ্চগড় ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংগীত পরিবেশন করেছেন। আগামী ২২ জানুয়ারি আরটিভির সরাসরি গানের অনুষ্ঠানেও গান গাইবেন তিনি। এ ছাড়া ২৪ জানুয়ারি রাজধানীর গুলশান নর্থ ক্লাবেও তার পরিবেশনা রয়েছে। স্টেজ শোর পাশাপাশি নিজের লেখা ও সুর করা গান নিয়ে কম্পোজিশনের কাজেও ব্যস্ত সময় পার করছেন তরিক
মৃধা। তিনি জানান, সামনে শ্রোতা-দর্শকদের জন্য আরও নতুন ও ভালো গান নিয়ে হাজির হবেন। তরিক মৃধা বলেন, ‘গানে গানে বেশ কয়েকটা বছর ভালোভাবেই কেটে গেল। নিজের বেশকিছু মৌলিক গানও প্রকাশিত হলো। সেসব গানের জন্য শ্রোতা-দর্শকের কাছ থেকেও বেশ ভালো সাড়া পেয়েছি। এখন স্টেজ শো নিয়েও বেশ ভালো ব্যস্ত আছি। যেমন আগামী ২২ জানুয়ারি আরটিভিতে এবং ২৪ জানুয়ারি রাজধানীর গুলশান নর্থ ক্লাবে সংগীত পরিবেশন করব। এরপর আরও বেশ কিছু শোয়েরও আলাপ চলছে। নিজের লেখা ও সুর করা গানের কম্পোজিশন নিয়েও ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ, সবমিলিয়ে ব্যস্ত সময় কাটছে আমার। শ্রোতা-দর্শকের জন্য সামনে বেশকিছু ভালো ভালো নতুন গান আসতেছে আমার। গানগুলো নিয়ে আমি খুব আশাবাদী।’