পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা
বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রায় তিন যুগ ধরে চলমান পারিবারিক দ্বন্দ্ব ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসা. আসমা বেগম নামে এক নারী। গত শনিবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আসমা বেগম জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে তার স্বামী মো. ইউসুফ হাওলাদার ও পরিবারের সদস্যরা বড় ভাই মো. মজিবর হাওলাদারসহ কয়েকজনের হাতে নির্যাতন, হুমকি, ভয়ভীতি ও অপমানজনক আচরণের শিকার হয়ে আসছেন। বারবার সালিশ-মীমাংসা হলেও তারা তা না মেনে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বসতবাড়ি দখলের চেষ্টা, বসতবাড়ির গাছ কেটে নেওয়া, মাটি খুঁড়ে নেওয়া, ঘর নির্মাণে বাধা সৃষ্টি এবং নানা কৌশলে হরানি করা হচ্ছে। একাধিকবার মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনার কারণে তাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে যেতে সাহস পাচ্ছেন না। বাড়ি দেখাশোনা করা ব্যক্তিকেও ভয়-ভীতি দেখানো হচ্ছে। থানাসহ জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কার্যকর সমাধান মেলেনি বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আসমা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৈধ পৈতৃক সম্পত্তি ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আসমা বেগমের কলেজ পড়ুয়া একমাত্র পুত্র মো. সাব্বির হাওলাদার উপস্থিত ছিলেন।
সারাদেশ: দশমিনায় খেজুরের রস সংগ্রহ
সারাদেশ: কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ
সারাদেশ: সিলেটে আইফোনের কারণে যুবক খুন