৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো হলেও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। প্রতিদিন হাজারো মানুষ মেলায় এলেও তাদের বড় একটি অংশ কেনাকাটার পরিবর্তে ঘোরাঘুরি ও ছবি তোলাতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন।
মেলার প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা গেলেও অধিকাংশের হাতে কেনাকাটার ব্যাগ নেই। বরং মোবাইল ফোন হাতে নিয়ে ছবি তোলা, ভিডিও করা এবং সামাজিক মাধ্যমে তা শেয়ার করতেই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে অনেককে।
বিদেশি স্টোল ইরানি জুয়েলারি সেলসম্যান ফাতেমা জানান, মেলায় অংশ নিতে স্টল ভাড়া, সাজসজ্জা ও পণ্যের পরিবহনসহ বিপুল খরচ হলেও বিক্রি সেই তুলনায় অনেক কম। দর্শনার্থীর সংখ্যা দেখে বিক্রি ভালো হবে বলে আশা করা হলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।
হাতিল ফার্নিচারের রিটেল সেলস অফিসার সাহিনুল ইসলাম শাহীন, ভিড় দেখে মনে হয় বিক্রি ভালো হচ্ছে, কিন্তু দিন শেষে হিসাব মিলছে না। অনেকেই দাম জিজ্ঞেস করে ছবি তুলে চলে যাচ্ছেন।
অন্যদিকে দর্শনার্থীরা বলছেন, বাণিজ্য মেলা এখন শুধু কেনাকাটার স্থান নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি বড় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
মেলায় আসা এক তরুণ দর্শনার্থী পিয়াস জানান, আমরা মূলত ঘুরতে এসেছি। মেলার সাজসজ্জা আর পরিবেশ উপভোগ করতেই ভালো লাগে।
হোম টেক্সের সেলসম রাসেল বলেন, খরচের তুলনায় বিক্রি কম হলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। সব মিলিয়ে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দর্শনার্থীর উপস্থিতিতে জমজমাট হলেও বাণিজ্যিক দিক থেকে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।