image
ছবিঃ সংগৃহীত

মহেশপুরে পাওয়ার টিলার দুর্ঘটনায় জামায়াতকর্মী নিহত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পাওয়ার টিলার দুর্ঘটনায় আসাদ (৩৫) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার পর আসাদসহ কয়েকজন একটি পাওয়ার টিলারে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন। নস্তি গ্রামের মোড়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আমিনুর ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য চারজন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি