টাঙ্গাইলের সখীপুরে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিয়ার বাইদ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার ওই এলাকার বাসিন্দা ফারুক মিয়ার স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়।
জানা যায়, রাতে সেহরি রান্নার সময় তাকে ডাকাডাকি করা হলে একপর্যায়ে ঘরের ভেতরে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এগিয়ে আসেন।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
খেলা: যেভাবে ফাইনালে ভারত