image

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল ইসলাম বিএসসির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. সায়মন নামে এক এলাকাবাসী।

অভিযোগে তিনি দাবি করেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠান পরিচালনায় অন্তত ১২ ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। অভিযোগের অনুলিপি কাপাসিয়ার সংসদ সদস্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্ট মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ আদায় করা হয়েছে। এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন মওকুফের বিধান থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে পূর্ণ বেতন ও সরকার নির্ধারিত টিউশন ফি আদায় করা হচ্ছে। প্রশংসাপত্র প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি, নিম্নমানের নোট ও গাইড বই সিলেবাসে অন্তর্ভুক্ত করে কমিশন গ্রহণ, অতিরিক্ত বইয়ের চাহিদা দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়া এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে চাকরি বহাল রাখার চেষ্টা—এমন একাধিক অভিযোগ তোলা হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ নিয়মিত উপস্থাপন না করায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। উচ্চ মাধ্যমিক শ্রেণির কার্যক্রম নানা অজুহাতে বন্ধ রেখে কলেজ শাখা বিলুপ্ত করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মো. নূরুল ইসলাম বিএসসি বলেন, উত্থাপিত অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন। তিনি দাবি করেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কোচিং ফি বাবদ ২ হাজার ২০০ টাকা যুক্ত করায় ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি