image

রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের অঙ্গীকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ সংকটের মেঘ কাটিয়ে দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন আলো পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার বিকেলে যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে পা রেখে প্রতিমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। বিশেষ করে পবিত্র রমজান মাস এবং বোরো সেচ মৌসুমকে কেন্দ্র করে কৃষকদের পাশে দাঁড়ানোকে তিনি সরকারের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন।

​প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সে লক্ষে বিদ্যুৎ বিভাগ কাজ শুরু করেছে। পরিস্থিতির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে আনার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে তিনি দেশবাসীর কিছুটা সময় ও ধৈর্য কামনা করেন।

তিনি আশ্বস্ত করে জানান, সুপরিকল্পিত উপায়ে ধাপে ধাপে বিদ্যুৎ খাতের বিদ্যমান সংকট ও সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

​বোরো মৌসুমে সেচ নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, কৃষকদের প্রয়োজনকে সরকার সব সময় অগ্রাধিকার দেবে। প্রয়োজনে অন্য খাতে রেশনিং করে হলেও সেচ মৌসুমে কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

বোরো চাষিদের জন্য বিদ্যুৎ নিশ্চিতে তিনি কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে যশোর বিমানবন্দরে পৌঁছালে এবং পরে সার্কিট হাউজে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রতিমন্ত্রী অনিন্দ্য এদিন কর্মকর্তাদের সঙ্গে জেলার বিদ্যুৎ খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং সংকটের দিনে সাধারণ মানুষের পাশে থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

‘সারাদেশ’ : আরও খবর

» আধুনিকতা ও প্রমিতকরণের দাপটে বিপন্ন উত্তরের লোকভাষা

সম্প্রতি