ফাল্গুনের আমেজে ‘আগুনরাঙা ফাগুনে আবারও উচ্চারিত হোক গণতন্ত্রের শপথ’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জবি শাখা ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
বসন্তের প্রথম দিনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বাসন্তী, হলুদ ও লাল রঙের পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন। প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প, গহনা ও সাজসজ্জার সামগ্রীর বিভিন্ন স্টল বসানো হয়, যা দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।
আয়োজনে ছিল সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও ব্যান্ড দলের পরিবেশনা। শিক্ষার্থীদের মাঝে ফুল বিতরণ করা হয়। বিশেষভাবে তৈরি ফটোবুথে ছবি তুলে দিনটির স্মৃতি ধরে রাখেন অংশগ্রহণকারীরা।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, জাতীয় নির্বাচনের ছুটির পর এমন প্রাণবন্ত আয়োজন পেয়ে তারা আনন্দিত। বন্ধুদের সঙ্গে উৎসব উপভোগের সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, দীর্ঘদিন পর গণতন্ত্র এসেছে, এর আগে ১৭-১৮টি বসন্ত কেটেছে স্বৈরাচারের অধীনে। আমরা সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেছি, তাদের মতামত নিয়েছি, কথা শুনেছি। শিক্ষার্থীরা নিজেরাই এসে গান, কবিতা আবৃত্তিতে পারফর্ম করেছে। শিক্ষার্থীদের এই আনন্দঘন পরিবেশে গণতন্ত্র উদযাপনসহ ‘গণতন্ত্রের বসন্ত’ শিরোনামে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নির্বাচনসহ নানা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পহেলা ফাল্গুন উদযাপন করতে পারেনি। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা করতে চেয়েছি। আমরা সবসময় ক্যাম্পাসে সুষ্ঠু ও ইতিবাচক ধারার রাজনীতি চাই। শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার কোনো অপচেষ্টা হলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই তা প্রতিহত করব।
খেলা: যেভাবে ফাইনালে ভারত