image
গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা উপলক্ষে শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠান -সংবাদ

সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রেইনবো নেশন অর্থাৎ সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার,(২৪ অক্টোবর ২০২৫) বিকেলে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষকে এক পরিচয়ের বন্ধনে যুক্ত করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের সব সম্প্রদায় বাঙালি, গারো বা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি সরকারে এলে ঢাকায় একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলো সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনা করা হবে।

দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো কাছ থেকে দেখেছেন। বিশেষ করে ময়মনসিংহে গারো সম্প্রদায়ের সমাবেশে অংশ নিয়ে তিনি তাদের সংস্কৃতি, জীবনযাপন ও উৎপাদনশীলতা দেখে মুগ্ধ হয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বড় পরিবর্তন আসতে হবে মানসিকতায় নিজেদের কখনো দুর্বল মনে করা যাবে না। সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, আমরা আপনাদের ভাই।’

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ (প্রিন্স) বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা দিয়েছিলেন, তাতে সবাই বাংলাদেশি পরিচয়ে একত্র। খালেদা জিয়া ও তারেক রহমান সেই ঐক্যের ধারায় একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছেন। শেষে এমরান সালেহ হালুয়াঘাটে আগামী ১৫ নভেম্বর ওয়ানগালা উৎসব আয়োজনের ঘোষণা দেন এবং সবাইকে সেখানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ওয়ানগালার উৎসবের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ানগালা উদযাপন কমিটির সভাপতি শুভজিৎ সাংমা। সভাপতিত্ব করেন ওয়ানগালা উদযাপন ২০২৫ কমিটির সভাপতি সঞ্চয় নাফাক।

ওয়ানগালা উৎসব গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব। নতুন ফসল ঘরে তোলার পর সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ ফসল উৎসর্গ করে এ উৎসব উদযাপন করা হয়। গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য। দেবতাকে কৃতজ্ঞতা জানানোর এ উৎসবের নাম ওয়ানগালা। আজ বনানী স্কুল মাঠে দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হচ্ছে। গারোরা নাচে-গানে আনন্দমুখর পরিবেশে দিনটি উদ?যাপন করে থাকে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা

» শ্যামবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সম্প্রতি