রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাইয়ের সময় সিআইডির একজন এসআই ধাওয়া করে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন। তার কাছ থেকে ছিনতাইকৃত ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে সিআইডির অভিযান চলছে। মালিবাগ সিআইডিপ্রধান কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।
সিআইডি কর্মকর্তা জানান, সোমবার দুপুর প্রায় ১টার দিকে তৌহিদ আলমগীর নামে এক ব্যক্তি শান্তি নগর এলাকা থেকে রিকশাযোগে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে যাচ্ছিল। তিনি শান্তিনগর সিআইডির ঢাকা মেট্রো ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবনের সামনে গেলে ৩ ছিনতাইকারী তার রিকশার গতিরোধ ধারালো চাকু ঠেকিয়ে তার কাছ থেকে ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ওই ব্যক্তি চিৎকার দিলে ঘটনাস্থলের অদূরে থাকা সিআইডির এসআই মনির হোসেন একাই ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে এক ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে। ওই সময় চাকুসহ অন্য দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হলো সাইদুজ্জামান সোহেল। তার বাড়ি কুমিল্লার হোমনা।
তার কাছ থেকে ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আর যার টাকা ছিনতাই হয়েছে তিনি একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার। কোম্পানির টাকা নিয়ে দুপুরে ফেরার সময় এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী। সে আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সদস্য। ঢাকা ও নারায়নগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় ছিনতাই, ডাকাতি, পথচারীদের অজ্ঞান করে সর্বস্থ লুটের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলাও রয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
খেলা: যেভাবে ফাইনালে ভারত