আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোর নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও ‘অনধিকার প্রবেশ’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে, পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় পাবলিক প্লেসে শব্দযন্ত্রের ব্যবহার, সমাবেশ এবং মিছিল ইত্যাদি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে। আর ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন।
আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত এবং ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এই পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষা বোর্ডগুলো আগে থেকেই জানিয়ে রেখেছে।
অর্থ-বাণিজ্য: ট্রাম্পের আদেশে নেয়া পাল্টা শুল্ক ফেরত দিতে হবে