সীমানা জটিলতার নিয়ে উচ্চ আদালতের আদেশের কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসি গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাইকোর্টে রিট মামলা করেন।
প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। সেই রুল শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হয় ওই রায়ে।
সেই সঙ্গে পাবনা-১ ও পাবনা-২ আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়।
এরপর ইসি পাবনার আসন দুটি নিয়ে গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সেখানে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন দেখানো হয়। আর বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা দেখানো হয়।
হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করে। গত ৫ জানুয়ারি সেসব আবেদন শুনে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বাহল থাকবে।
এর ফলে পাবনার এ আসন দুটির ক্ষেত্রে ইসির গত ৪ সেপ্টেম্বরের গেজেট বহাল হয়ে যায়। অর্থাৎ সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা বহাল হয়।
সীমানা নিয়ে এই জটিলতার কারণে আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানালো ইসি। তবে বাকি ২৯৮টি আসনে ভোটের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’
নগর-মহানগর: প্লাস্টিকের পুতুল ও ফুলই কাল হলো ছোট্ট আরিফার
নগর-মহানগর: স্কুলে শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ক্যাম্পাস: বিদ্যার দেবীর আরাধনায় ‘মব’ রুখে দেয়ার বার্তা