আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়েছেন নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ে তিনি কেবল মুখে বড় কথা বা “সাউন্ড বাইট” দিতে চান না, বরং মাঠপর্যায়ে কাজ করে তার প্রমাণ দিতে চান।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রমজান এবং পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে ভোজ্যতেল, চিনি ও ডালসহ অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন মন্ত্রী।
বাজারে পণ্যের অভাব বা সংকট হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের হাতে বর্তমানে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত আছে এবং আমদানির পাইপলাইনে যা রয়েছে, তা রমজান ও পরবর্তী সময়ের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তাই এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
রমজানের আগে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, আমি আপনাদের শুধু কথার কথা বা সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ্, আমি আমার কাজের মাধ্যমে সবকিছুর উত্তর দেব।
বাজার তদারকি এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি ইঙ্গিত প্রদান করেন।
নতুন বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি বাজার সিন্ডিকেট মোকাবিলায় কঠোর অবস্থানের আভাস দিলেন। সাধারণ মানুষ যাতে সহনীয় মূল্যে পণ্য পায়, সে লক্ষ্যেই মন্ত্রণালয় কাজ করবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
খেলা: যেভাবে ফাইনালে ভারত