image

বিমানবন্দরগুলোকে আধুনিক ও লাভজনক করার প্রত্যয় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চান তিনি।

বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা মূলত কর্মকর্তাদের সহযোগিতা করতেই এসেছেন এবং কাজের ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নতুন সরকারের ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।

একইসঙ্গে দেশের বিমানবন্দরগুলোকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি