দেশে মব কালচার বরদাশত করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সেই সঙ্গে দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টিরও সুযোগ দেওয়া হবে না জানিয়ে দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর প্রথমদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আর মব কালচার বরদাশত করা হবে না।দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টিরও সুযোগ দেওয়া হবে না।’ মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশও করা যাবে। মত প্রকাশের অধিকারও থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর জোর দিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনও ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনও সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
খেলা: যেভাবে ফাইনালে ভারত