জামায়াতে ইসলামী সরকার গঠন করলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া বেতন–ভাতাসহ চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মাওলানা জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতের প্রার্থী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিট্যান্ট সেক্রেটারি।
শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শনিবার ওই মতবিনিময় সভায় জহিরুল ইসলামের দেওয়া ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মাওলানা জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন,
‘কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করার জন্য এ ষড়যন্ত্র করছে। আপনার ছেলে, আপনার ভাগনে, আপনার মেয়ে যদি চাকরিচ্যুত হতো তাহলে কেমন লাগত? আপনার সে অনুভূতি থাকা উচিত ছিল। আপনি রিজিকে হাত দিয়েছেন, আপনার সন্তান একদিন চাকরিহারা হবেন ইনশা আল্লাহ।’
চাকরিচ্যুতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন,
‘যিনি বা যাঁরা গোপনে বা প্রকাশ্যে কারও রিজিকে আঘাত করার জন্য চাকরিচ্যুতি ঘটান, অথবা কারও ব্যক্তিগত সম্মান বা সম্পদে আঘাত করার চেষ্টা করেন—আল্লাহ তাঁদের বিচার করবেন।’
মতবিনিময় সভার সঞ্চালনা করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শহিদুল মোস্তাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ।
উক্ত বক্তব্যের বিষয়ে জানতে মাওলানা জহিরুল ইসলামের মুঠোফোনে অন্তত পাঁচবার কল করা হয়, তবে তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।