image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জাপা একাংশের

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তারা শনিবার (২৯ নভেম্বর) সকালে এক যৌথ বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একসময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন।’

খালেদা জিয়ার অসুস্থতার খবরে ‘অত্যন্ত ভারাক্রান্ত ও মর্মাহত’ হয়েছেন উল্লেখ করে জাপার এ দুই নেতা বলেন, ‘একসময় আমরা খালেদা জিয়া ও এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সেসব স্মৃতি আমাদের মনে পড়ছে।’

জাতীয় পার্টির একাংশের নেতারা বলেন, ‘রাজনীতিতে জিঘাংসা ও প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য, উদারতা ও ভালোবাসার প্রতীক। খালেদা জিয়া আজীবন সেই ধরনের রাজনীতির চর্চা করেছেন। জাতীয় পার্টিও সেই রাজনীতিতে বিশ্বাসী। আমাদের বিশ্বাস, অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান মহান আল্লাহ খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেবেন।’

খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর শনাক্ত হয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন।

২৮ নভেম্বর শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলেন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দুই দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে বিএনপির নেতারা বলেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে চিন্তা করছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি