পুরস্কার বিতরণীতে আসছেন ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু!
পুরস্কার বিতরণীতে আসছেন ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু!
২০০২ সালে তার নেতৃত্বেই শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই দলের অধিনায়ক মার্কোস দ্য মরেইস কাফু ঢাকায় আসছেন। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান রোনালদিনহো ও আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা হিসেবে বাংলাদেশে আসছেন কাফু।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এ ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিন দলের টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতেই ১১ ডিসেম্বর সকাল আটটায় ঢাকায় আসছেন কাফু। শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। যিনি বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের অন্যতম প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যানও। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন উপস্থিত ছিলেন।
তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিলের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশ থেকে বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত দল (যার বেশিরভাগই তরুণ প্রতিভা) নিয়ে বাংলাদেশে আসবে। আসাদুজ্জামান বলেন, ‘দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ বাছাইকৃত ফুটবলাররা খেলবেন। সেখানে দুই-একজন সর্বশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকার সম্ভাবনা।’ কামরুল ইসলাম হিলটনের কথা, ‘আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাইকরা।’
এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মিডিয়ার নজর থাকবে বলেও মনে করেন আসাদুজ্জামান। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী ফুটবল দলের অধিনায়ক কাফু।
বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো ভিডিও বার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, ‘আমি কাফু। আসছি বাংলাদেশে। সবাইকে আমন্ত্রণ।’ বাংলাদেশে এ আয়োজন সামনে রেখে চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্ততা, ভেরন কিংবা ক্যানেজিয়ার যে কোনো একজনকে আনা হবে বলেও জানান আয়োজকরা।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি