অ-২০ মেয়েদের এশিয়ান কাপ
এশিয়া কাপে সিনিয়র মেয়েদের গ্রুপিং আগেই হয়েছে। এবার অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। সোমবার, (১০ নভেম্বর ২০২৫) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে শক্তিশালী চীনের গ্রুপে পড়েছেন আফঈদারা। আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টের এ- গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড।
চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপের পাশাপাশি সেরা দুটি তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেবারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে বাংলাদেশের গ্রুপ রানার্সআপ কিংবা তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্যে সেরা দুই তৃতীয় দলের একটি হওয়ার সম্ভাবনা থাকবে। আর কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকেট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অনূর্ধ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হিসেবে থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে।
‘এ’ গ্রুপ- বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
‘বি’ গ্রুপ- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
‘সি’ গ্রুপ- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।