টি-২০ বিশ্বকাপের গতকাল ‘ডি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তানের জয়ে সুপার এইট নিশ্চিত হলো গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো আফগানিস্তান।
প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট রাশিদ খানের
প্রথম বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ করলেন রাশিদ খান। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) আরব আমিরাতের বিপক্ষে এই মাইলফলকে পা রাখলেন আফগানিস্তানের লেগ স্পিন জাদুকর। ‘হিট উইকেট’ হয়ে রাশিদের ৭০০তম শিকার আমিরাতের আরফান। এই প্রথম ‘হিট উইকেট’ থেকে কোনো শিকারের দেখা পেলেন রাশিদ। তিনি সবচেয়ে বেশি শিকার ধরেছেন ক্যাচ থেকে, ২৭৭টি। এর মধ্যে কিপারের ক্যাচ ৩৯টি। বোল্ড করেছেন ২২৫ ব্যাটারকে, ১৫৪ ব্যাটারকে এলবিডব্লিউ। তার বলে স্টাম্পড হয়েছেন ৪৩ ব্যাটার।
আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দেশের জার্সিতেই, ১৯৫টি। আর কোনো দলের হয়ে উইকেটের সেঞ্চুরি তিনি করতে পারেননি। বিগ ব্যাশে তার উইকেট ৯৮টি। আইপিএলের উইকেট ১৫৮টি।
পাকিস্তান সুপার লীগে তার উইকেট ৪৪টি। ৫১৮ ম্যাচ খেলে ৭০০ উইকেটের ঠিকানা ছুঁলেন রাশিদ। ৫৮২ ম্যাচ খেলে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে ডোয়াইন ব্রাভো, ৫৮৩ ম্যাচে ৫১৩ উইকেট আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনের।
এছাড়া ৫৭২ উইকেট নিয়েছেন ইমরান তাহির, ৫০৮ উইকেট আন্দ্রে রাসেলের। বাংলাদেশের সাকিব আল হাসান নিয়েছেন ৫০৭ উইকেট। আর কোনো বোলারের নেই ৫০০ উইকেট।
তাদের সাঙ্গে সুপার এইটে খেলার দৌড়ে আছে নিউজিল্যান্ড ও আরব আমিরাত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কিউইরা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আরব আমিরাত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারলে এবং আফগানিস্তান ও আরব আমিরাত জিতলে, রান রেটের হিসাব-নিকাশে বসবে তিন দল। তবে কানাডার বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে আফগানিস্তান ও আরব আমিরাতের।
গতকাল দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রানে দুই ওপেনারকে হারায় আরব আমিরাত। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৮৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আলিশান শারাফু ও শোয়েব খান। ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪০ রানে আউট হন শারাফু। টি-২০তে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শোয়েব। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৮ বলে ৬৮ রান করেন তিনি। পরের দিকে সৈয়দ হায়দার এবং হায়দার আলি ১৩ রান করে করেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় আরব আমিরাত। আফগান পেসার ওমারজাই ১৫ রানে ৪ উইকেট নেন। ২৪ রানে ১ উইকেট নিয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০তে ৫১৮তম ম্যাচে ৭শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক রাশিদ খান। ১৬১ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরিতে রানের চাকা সচল থাকে আফগানিস্তানের। ১৩ ওভারে ৩ উইকেটে ৯৭ রান তুলে আফগানরা।
টি-২০তে ১৫তম হাফ-সেঞ্চুরি তুলে ১৪তম ওভারের প্রথম বলে আউট হন ইব্রাহিম। ৬ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৩ রান করেন তিনি।
দলীয় ৯৭ রানে ইব্রাহিম ফেরার পরে দারউইশ রাসুলির ৩৩ ও ওমারজাইর ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ৪ বল বাকি থাকতে জয় পায় আফগানিস্তান। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন ওমারজাই।
কোনোরকমে আশা জিইয়ে রাখা আফগানরা পরের ম্যাচে কানাডার সঙ্গে লড়বে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছিটকে পড়া আমিরাত শেষ ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লিতে আগামীকাল।
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের