image
মেয়েদের উইকেট উদযাপন

রাইজিং স্টার্স এশিয়া কাপ

বাংলাদেশ নারী দলের আরেকটি রোমাঞ্চকর জয়

ক্রীড়া বার্তা পরিবেশক

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জিতল বাংলাদেশ ‘এ’ দল।

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১২ রান। নারী ক্রিকেটে কাজটা বেশ কঠিনই বটে। বাংলাদেশের বাস্তবতায় তো ভীষণরকমই কঠিন। সেই কাজটিই দারুণভাবে করলেন ফারজানা ইয়াসমিন। টানা দুই বলে চার ও ছক্কা মেরে দিলেন। পরের বলেই অবশ্য আউট হয়ে গেলেন তিনি। তবে আসল কাজ তো করেই ফেলেছেন ততক্ষণে।

ফারজানার শেষদিকের ক্যামিওতে উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে থাইল্যান্ড জাতীয় দলকে ৩ উইকেটে হারালো বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচেও শেষ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ‘এ।’

সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) ব্যাংককে থাইল্যান্ড ২০ ওভারে তোলে ১০৩ রান। বাংলাদেশ ‘এ’ দল লক্ষ্যে পৌঁছায় ১ বল বাকি রেখে। টস জিতে ব্যাটিংয়ে নামা থাইল্যান্ড পারেনি বড় কোনো জুটি গড়তে। দলের সেরা তারকা নাত্থাকান চান্থাম ২৪ রান করতে বল খেলেন ৩৪টি। তিনে নেমে নানাপাত কোঞ্চারুইনকাই ৩৮ বল খেলে রান করেন ৩৪।

বাংলাদেশের আঁটশাঁট বোলিংয়ে ১৬ ওভার শেষে থাইল্যান্ডের রান ছিল ৬৮। পরে ওনিচা কামচম্ফুর ১০ বলে ১৭ ও ফানিতা মায়ার ৮ বলে ১২ রানে কানোরকমে ১০০ ছাড়ায় তারা। শেষ ৪ ওভার থেকে রান আসে ৩৫।

বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ও অফ স্পিনার শরিফা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

রান তাড়ায় ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ শামিমা সুলতানা ও লতা মন্ডল যোগ করেন ৪৫ রান।

২৯ বলে ২৬ রান করে আউট হন শামীমা। ফাহিমা ফেরেন ১৬ বলে ১২ রান করে। সপ্তম ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে দুটি বাউন্ডারি মারেন ফারজানা। তার পরও বিপাকে ছিল বাংলাদেশ। এক প্রান্ত আগলে রাখা লতা ৪০ বলে ৩০ রান করে আউট হয়ে যান শেষের আগের ওভারে।

শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নেন শরিফা। এরপরই ফারজানার ওই চার ও ছক্কা। পরের বলেই তিনি আউচ হয়ে যান। নতুন ব্যাটার জান্নাতুল ফেরদৌস সুমনা ক্রিজে গিয়ে প্রথম বলেই রান নিয়ে দলকে জিতিয়ে দেন।

ম্যাচসেরা হয়ে ফারজানা বললেন, বল হাতে খরুচে থাকলেও সতীর্থদের সমর্থনে তিনি উজ্জীবিত ছিলেন ব্যাটিংয়ে। ‘প্রথম ইনিংসে আমরা বোলিং পেয়েছি, তখন আমার বোলিং খারাপ হয়েছে। তখন আমার অধিনায়ক, সতীর্থ যারা ছিলেন অনেক সাপোর্ট করেছেন যে- আমার একটা পার্টই নয়, তিনটা পার্ট আছে, ফিল্ডিং আছেন, ব্যাটিং আছে এখনও। উনাদের সাপোর্টে ব্যাটিং ভালো হয়েছে আমার।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ‘এ’ আগামীকাল খেলবে মালেয়েশিয়ার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর: থাইল্যান্ড ১০৩/৯ (নানাপাত ৩৪, চান্থাম ২৪, ওনিচা ১৭, ফানিতা ১২; তৃষ্ণা ৩-০-৫-১ , মেঘলা ১/১৩, ফাহিমা ২/১৬, জান্নাতুল ১/১২, শরিফা ২/১৪)।

বাংলাদেশ ‘এ’ ১৯.৫ ওভারে ১০৪/৭ (শামিমা ২৬, লতা ৩০, ফাহিমা ১২, ফারজানা ২৩ ; থিপাচা ৩/২৫, ফানিতা ২/২১)।

ম্যাচসেরা: ফারজানা ইয়াসমিন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি