image
সালমান আগা (বাঁ দিকে) ও উসমান খানের সঙ্গে পাকিস্তানের কোচ মাইক হেসন (ডান দিকে)

পাওয়ার প্লে’র মধ্যেই আমরা খেলা থেকে বেরিয়ে গেলাম: পাকিস্তানের কোচ

সংবাদ স্পোর্টস ডেস্ক

কলম্বোর মাঠে ভারতের কাছে ৬১ রানে হারের পর অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তানকে নিয়ে। কেন টস জিতে বোলিং নিলো তারা? কেন রহস্যময় স্পিনার উসমান তারিককে শুরুতে বল করানো হল না? এসব সিদ্ধান্তকে হারের কারণ হিসেবে দেখতে নারাজ পাকিস্তানের কোচ মাইক হেসন। ভারতের এই জয়ের কৃতিত্ব গোটা দল নয়, বরং এক জনকেই দিচ্ছেন তিনি।

গত শনিবার খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতের ঈশান কিশনের কথা হেসনের মুখে। তার মতে, ঈশানই তাদের হারিয়ে দিলেন। তিনি বলেন, ‘ঈশান যেভাবে খেললো, তাতে খেলা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। পিচ থেকে আমরা যা সাহায্য পেয়েছি তার ২৫ শতাংশ পেয়েছে ভারত। ওদের বাকি ব্যাটারদের লড়াই করতে হয়েছে। কিন্তু ঈশান অন্যরকম ক্রিকেট খেলেছে।’

আইপিএলে কোচ থাকাকালীন ঈশানের খেলা দেখেছেন হেসন। কিন্তু এবারের বিশ্বকাপে তিনি আরও ভয়ঙ্কর ক্রিকেট খেলছেন বলে মনে করেন পাক কোচ। হেসন বলেন, ‘ও ভয়ডরহীন ক্রিকেট খেলছে। উইকেটের দু’দিকে রান করছে। তাই ওকে বল করা কঠিন হয়ে পড়ছে। ও লেগ সাইডে যেমন মারতে পারে, তেমনই রিভার্স শটও খেলতে পারে। বিশেষকরে পাওয়ার প্লে-তে ওকে বল করা কঠিন। আমাদের স্পিনারদের ছন্দ ও নষ্ট করে দিয়েছে। ও ছাড়া বাকিরা কিন্তু বলে বলে রান করেছে। কিন্তু ঈশানের ওই ইনিংসই আমাদের হারিয়ে দিয়েছে।’

শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে চারটি ম্যাচেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। তা হলে কি বল করার সিদ্ধান্ত ভুল ছিল? হেসন বলেন, ‘দেখুন, প্রথম ইনিংস বল যা ঘুরেছে, দ্বিতীয় ইনিংসে তার অর্ধেকও ঘোরেনি। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত ভুল ছিল না। বিশেষ করে আমাদের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। পরের দিকে পিচ মন্থর হয়নি। পাশাপাশি ঘূর্ণিও কমে গিয়েছিল। কিন্তু আমরা ভাল খেলতে পারিনি। ঈশান যা খেলেছে তার ধারেকাছেও আমাদের কেউ যেতে পারেনি।’

১৭৬ রান করতে নেমে প্রথম দু’ওভারেই ৩ উইকেট হারায় পাকিস্তান। সেখানেই কি খেলার ফয়সালা হয়ে গিয়েছিল? হেসন বলেন, ‘এই ধরনের ম্যাচে তো চাপ থাকবেই। এখন প্রশ্ন, চাপের মধ্যে কি আপনি নিজের স্বাভাবিক খেলা খেলবেন। না কি আক্রমণাত্মক খেলার চেষ্টা করবেন? এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন। আমরা পাল্টা আক্রমণে গিয়েছিলাম। কিন্তু খারাপ শট খেলে আউট হয়েছি। নিজেদের ওপর নিজেরাই চাপ বাড়িয়েছি। সেখান থেকে আর ফিরতে পারিনি।’

পাক কোচের মতে, দলের ব্যাটাররা একটু বুদ্ধি করে খেললে খেলার ফল অন্য রকম হতে পারতো। তিনি বলেন, ‘লক্ষ্য খুব বেশি ছিল না। আমরা যদি আরও একটু সময় নিতাম তা হলে ভাল হতো। এক-দুটো জুটি হলে আমরা লড়াইয়ে থাকতাম। শেষ দিকে উইকেট হাতে থাকলে রানের গতি বাড়ানো যেতো। কিন্তু পাওয়ার প্লে-র মধ্যেই আমরা খেলা থেকে বেরিয়ে গেলাম।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি