টাঙ্গাইলের কালিহাতীতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে এসে বাসচাপায় নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫ নং ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইলের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে তাৎক্ষডুক জানা গেছে এবং রাকিব ও রিজভী সম্পর্কে দুই বন্ধু। পুলিশ ও এলাকাবাসী জানান, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেলযোগে টাঙ্গাইল সদরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার ৫ নং বিজ্রের ধলাটেংগুর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, সড়কে দুর্ঘটনার কারণে মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ফলে ঢাকাগামী যানবাহন ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে।
যানজট নিরসনে সেতু পূর্ব থানাপুলিশের সদস্যরা কাজ করছে।