image

মেরিটাইমে AIS প্রযুক্তি আনছে বিএসসিএল-স্টারনুলা

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের সমুদ্র পথকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে স্যাটেলাইটভিত্তিক অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) চালুর লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও ডেনমার্কের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারনুলার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসসিএলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিএসসিএলের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং স্টারনুলার পক্ষে সিইও লার্স মলস্টেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের হেড অব ট্রেড মিশন আলি মুশতাক বাটসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেনমার্কভিত্তিক স্টারনুলা বিশ্বে প্রথমবারের মতো AIS 2.0/VDES প্রযুক্তির মাধ্যমে সমুদ্র নিরাপত্তায় নতুন যুগের সূচনা করেছে। এই স্যাটেলাইটভিত্তিক ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে জাহাজের অবস্থান, গতি, গন্তব্যসহ বিভিন্ন তথ্য রিয়েল টাইমে জানানো সম্ভব। এতে করে শিপিং লাইন, ফিশিং ট্রলার ও বন্দরের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর ও সুরক্ষিত হবে। পাশাপাশি এতে রয়েছে নেভিগেশন সতর্কীকরণ প্রযুক্তিও।

এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রে চলাচলকারী বড়-ছোট নৌযানগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, অপারেশন মডার্নাইজেশন, এবং বন্দর ব্যবস্থাপনায় ইনোভেশন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের সমুদ্র অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টার ভিশন অনুযায়ী বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে হলে সমুদ্রবন্দরগুলোকে আরও আধুনিক ও ব্যস্ত করে তুলতে হবে। AIS 2.0/VDES প্রযুক্তি সে লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রায় ৩৭ হাজার ফিশিং ট্রলারসহ মোট ৫০ হাজার নৌযান রয়েছে, যেগুলোর অনেকই দিনে দিনে ১০০ থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে চলাচল করে। এত বিপুল সংখ্যক নৌযানের কার্যকর নজরদারি ও ট্র্যাকিং কেবল স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তির মাধ্যমেই সম্ভব।

বিএসসিএল ও স্টারনুলা যৌথভাবে এই প্রযুক্তি বাস্তবায়নে কাজ করে বাংলাদেশের ব্লু-ইকোনমিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

‘জাতীয়’ : আরও খবর

» গণভোট দেশের স্বার্থে, দলের নয়: আসিফ নজরুল

সম্প্রতি