
বিনোদন ডেস্ক : 2025-09-07
লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ছবি ‘কুলি’ বক্স অফিসে দাপট দেখিয়েছে। এবার ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। হলে মুক্তির এক মাসের মধ্যেই ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ১৪ আগস্ট মুক্তির পর ২০ দিনেই বিশ্বজুড়ে প্রায় ৫১০ কোটি রুপি আয় করা এ ছবি অ্যামাজন প্রাইম ভিডিওতে ১১ সেপ্টেম্বর থেকে স্ট্রিম হবে। ছবিটি মুক্তি পাবে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায়। প্রাইম ভিডিওর অফিশিয়াল এক্সে রোববার ছবিটির নতুন পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেওয়া হয়। ভক্তদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন ছবিটি এত দ্রুত ওটিটিতে আসছে জেনে। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, সোবিন শাহীর, শ্রুতি হাসান, রচিতা রাম, সত্যরাজ, উপেন্দ্র ও আমির খান। গল্পে দেখা যায় সাবেক কুলি ইউনিয়ন নেতা ডেভা (রজনীকান্ত) বন্ধুর (সত্যরাজ) আকস্মিক মৃত্যুর তদন্ত করতে গিয়ে মুখোমুখি হয় কার্টেল লর্ড সাইমন (নাগার্জুন) আর দাহার (সোবিন শাহীর)। মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকের মুখে মুখে প্রচারের জোরে বক্স অফিসে সফল হয়েছে ছবিটি। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি লোকেশের ‘কাইথি’, ‘বিক্রম’ বা ‘লিও’-এর মতো সিনেমাটিক ইউনিভার্সের অংশ নয়।