
বিনোদন ডেস্ক : 2026-01-03
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার রেকর্ড ভাঙার যাত্রা থামছেই না। মুক্তির ২৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের দিক থেকে শাহরুখ খানের ‘জওয়ান’-কে ছাড়িয়ে গিয়েছে সিনেমাটি। একই সঙ্গে বুকমাইশোতে টিকিট বিক্রির নিরিখে এটি এখন এক নম্বর হিন্দি সিনেমা। ২০২৫ সালে মুক্তি পেয়ে বলিউড বক্স অফিস কাঁপিয়েছিল ‘ধুরন্ধর’। দীর্ঘ সময় পর ক্যারিয়ারে বড় হিট পেয়েছেন দীপিকা পাড়ুকোনের বর রণবীর সিং। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ২০২৬ সালেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে। নতুন বছরে এসেও একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে এ সিনেমা। বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের নিরিখে ‘ধুরন্ধর’ এখন শীর্ষ ৬ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে। পাশাপাশি বুকমাইশোতে সবচেয়ে বেশি টিকিট বিক্রির হিন্দি সিনেমার তকমাও পেয়েছে এটি। উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষ তিনে রয়েছে ‘ধুরন্ধর’। তালিকায় প্রথম স্থানে ‘বাহুবলী ২’ এবং দ্বিতীয় স্থানে ‘কল্কি ২’। ‘ধুরন্ধর’ সিনেমার আয় পৌঁছেছে প্রায় ১১৭৫ কোটি রুপিতে। এ অঙ্কে সিনেমাটি ‘জওয়ান’-কেও পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক হিসেব এখনও প্রকাশ হয়নি। ‘জওয়ান’ সিনেমার আজীবন আয় ছিল আনুমানিক ১১৬০ কোটি রুপি।