
বিনোদন ডেস্ক : 2026-01-20
বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনের কারণে গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। সেই সূত্রেই এবার এ অভিনেত্রীর তোপের মুখে পড়লেন এই সংগীতজ্ঞ। কঙ্গনা অভিযোগ করেছেন, এর আগে রহমান তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার ছবি ‘ইমারজেন্সি’-তে কাজ করতে চাননি। কারণ হিসেবে তিনি জানান, এ আর রহমান এটিকে একটি ‘প্রোপাগান্ডা ধরনের ছবি’ বলে মনে করেছিলেন। গত ১৭ জানুয়ারি কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেয়া রহমানের একটি সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তিনি সুরকারকে সরাসরি উল্লেখ করে লেখেন, ‘প্রিয় রহমানজি, আমি একটি গেরুয়া দলকে সমর্থন করি বলে চলচ্চিত্র জগতে বহু কুসংস্কার ও পক্ষপাতের মুখে পড়েছি। কিন্তু আপনার মতো এতটা পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি আর দেখিনি।’ কঙ্গনা জানান, তিনি রহমানের সঙ্গে তার পরিচালিত ছবি ‘ইমারজেন্সি’ নিয়ে আলোচনা করতে এবং ছবির গল্প শোনাতে আগ্রহী ছিলেন। ‘আমি আপনাকে ইমারজেন্সি ছবির গল্প বলতে চেয়েছিলাম। গল্প শোনা তো দূরের কথা, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, আপনি প্রোপাগান্ডার উদ্দেশ্যে নির্মিত কোনো ছবির অংশ হতে চান না’, আরও লেখেন তিনি।