Menu

SANGBAD

বিনোদন » বলিউড

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

image

বিনোদন ডেস্ক : 2026-01-29

বলিউড সংগীতপ্রেমীদের জন্য এসেছে এক অপ্রত্যাশিত খবর। জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ঘোষণা দিয়েছেন, তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। এই সিদ্ধান্তটি তিনি নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তার মাধ্যমে জানিয়ে দেন। গত মঙ্গলবার তার পোস্টে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই থামছি। যাত্রাটা ছিল সত্যিই অসাধারণ।’ অরিজিতের এই ঘোষণার পর, সামাজিক মাধ্যমে তার ভক্তদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘দয়া করে বলুন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’ অন্য একজন লেখেন, ‘অরিজিৎ ছাড়া বলিউডের গানশূন্য মনে হবে।’ অরিজিৎ সিংয়ের কণ্ঠ মানেই আবেগ, প্রেম এবং হৃদয়ছোঁয়া অনুভূতি। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’ গানটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে বলিউড সংগীতে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। তার কণ্ঠে গাওয়া গানের মধ্যে রয়েছে ‘চন্না মেরেয়া’ (অ্যায় দিল হ্যায় মুশকিল), ‘ফির ভি তুমকো চাহুঙ্গা’ (হাফ গার্লফ্রেন্ড), ‘হাওয়ায়েঁ’ (জাব হ্যারি মেট সেজাল) ইত্যাদি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অরিজিৎ সিং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া ২০২৫ সালে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন তিনি, যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। তবে অরিজিৎ এই হঠাৎ সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানাননি, ফলে তার এই ঘোষণা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '15 August, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('174285') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142