
বিনোদন ডেস্ক : 2026-02-01
বিতর্ক যেন এই ফ্র্যাঞ্চাইজির নিত্যসঙ্গী। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ দেশজুড়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’–এর টিজার প্রকাশ্যে আসতেই আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া প্রায় ২ মিনিট ৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে একাধিক আতঙ্কিত নারীর মুখ তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হিসেবে দেখা যায় সুরেখা নাইয়ার ও নেহা সন্তকে। টিজারে আবেগঘন সংলাপে শোনা যায় “আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে।” টিজারজুড়ে বিভিন্ন নারী চরিত্রকে তাদের স্বপ্নভঙ্গের গল্প বলতে দেখা যায়। কেউ আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন, কেউ নামকরা নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। আবার একজন চরিত্র জানান, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের জীবনে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে—এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে টিজারে। ভিডিওতে সরাসরি ‘লাভ জেহাদ’ প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। পাশাপাশি দেশকে একটি নির্দিষ্ট ধর্মের আধিপত্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের কথাও তুলে ধরা হয়েছে। ফলে সিনেমাটি আবারও সাম্প্রদায়িকতা ঘিরে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন একাংশ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’।