
বিনোদন ডেস্ক : 2026-02-01
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও প্রশংসিত হয়েছেন আলিয়া ভাট। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘ডারলিংস’ ওটিটিতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার নতুন এক প্রকল্প নিয়ে আসছেন তিনি। আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশন নির্মাণ করছে কমিং-অফ-এজ রোমান্টিক কমেডি ‘ডোন্ট বি শাই’, যা মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করবেন শ্রীতি মুখার্জি। গল্পের কেন্দ্রীয় চরিত্র শ্যামিলি দাস—২০ বছর বয়সী এক তরুণী, যার সাজানো জীবন হঠাৎ করেই অপ্রত্যাশিত ঘটনায় এলোমেলো হয়ে যায়। প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড অব অরিজিনালস নিকিল মাধক জানান, আলিয়া ও শাহিন ভাটের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে কাজ করতে তারা রোমাঞ্চিত। তাঁর মতে, বন্ধুত্ব ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের জন্য বিশেষ কিছু হতে চলেছে। সিনেমাটি প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ভিন্নধর্মী ও সাহসী গল্পকে সমর্থন করতেই তারা এই প্রকল্প হাতে নিয়েছেন এবং এটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।