
বিনোদন প্রতিবেদক : 2025-09-03
আন্তর্জাতিক স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব ২০২৬-এ এশিয়ার সেরা ১০টি প্রজেক্টের একটি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বেতার’। আহসান স্মরণ পরিচালিত ও ইমন বিন আনোয়ার প্রযোজিত এই চলচ্চিত্রটি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ২০২৬ সালের জানুয়ারিতে। সৃজনশীল নির্মাণ ও মৌলিক গল্প বলার দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘বেতার’ পেয়েছে এই সম্মানজনক মনোনয়ন। চলচ্চিত্রটি একটি সামাজিক-রাজনৈতিক স্যাটায়ার, যা বাংলাদেশের মানুষের জীবনের গল্পকে এক নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরবে। চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার আহসান স্মরণ বলেন, ‘বেতার আমাদের মাটির গল্প। আমাদের দেশ, মাটি, মানুষ আর সরলতার গল্প। তবে এর অন্তর্নিহিত অর্থ ভীষণভাবে বৈশ্বিক। আমরা চেষ্টা করবো নতুন কিছু করার।’ প্রযোজক ইমন বিন আনোয়ার জানান, বর্তমানে চলচ্চিত্রটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘এই ল্যাবে অংশগ্রহণের মাধ্যমে ‘বেতার’ আন্তর্জাতিক কো-প্রোডাকশন, ফান্ডিং এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নতুন দরজা খুলে দিতে পারে।’ এ বছর ‘বেতার’ ছাড়াও বাংলাদেশের আরও দুটি প্রজেক্ট এই ল্যাবের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া চীন, ফিলিপাইন, ভারত, নেপাল, কাজাখস্তান ও কিরগিস্তান থেকে একটি করে প্রজেক্ট অংশ নিচ্ছে এই স্ক্রিপ্টল্যাবে। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতা ও প্রযোজকদের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল নির্বাচিত করেছেন এ বছরের অংশগ্রহণকারীদের। জুরিদের মধ্যে ছিলেন — ইনগ্রিড লিল হোগটুন ও আজি হফার্ট (নরওয়ে), ইয়ানা লেকারস্কা (বুলগেরিয়া), আদনান আল রাজীব ও রাশেদ জামান (বাংলাদেশ), আন্না শালাশিনা (রাশিয়া), এবং জর্জ ওভাশভিলি (জর্জিয়া)।