
বিনোদন প্রতিবেদক : 2025-09-07
একটি নারীর সংগ্রামের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তাঁর সেই সিনেমা ‘সাবা’ , যার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এটি মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। তবে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পায় আগে। গত বছর শঙ্খ দাশগুপ্তর সে সিনেমাটির জন্যও ব্যাপক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ‘সাবা’ মুক্তির কথা জানান মেহজাবীন। মুক্তির তারিখ উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে “সাবা” এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।’ তাঁর পোস্টে শুভকামনা জানিয়েছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে ভক্ত–অনুসারীরা। পরে মন্তব্যের ঘরে মেহজাবীন ভক্তদের কাছেই জানতে চান, ‘সাবা’ কবে মুক্তি দেওয়া উচিত ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর? ধারণা করা হচ্ছে, এই দুই তারিখের যেকোনো একটিতে মুক্তি পাবে সিনেমাটি। যৌথভাবে ৯০ মিনিটের ‘সাবা’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রায় দুই দশক ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছেন মাকসুদ। এখন তিনি ব্যস্ত নিজের দ্বিতীয় সিনেমা ‘বেবিমুন’ এর কাজ নিয়ে।