
বিনোদন প্রতিবেদক : 2025-09-10
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। তিনি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন ।
প্রথম সিনেমাতেই তিনি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে তিনি একে একে ‘দরদী সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘মনের মিলন’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘বিদ্রোহী সন্তান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ২০০৩ সালে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
পপি আরও দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য। তার সর্বশেষ সিনেমা ছিল ‘ডাইরেক্ট অ্যাটাক’। বর্তমানে, পপি অভিনয়ে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়, তবে তিনি তার স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়অতকে নিয়ে সুখে আছেন।
আজ পপির জন্মদিন, এ উপলক্ষে তিনি বলেন, ‘সিনেমার শুটিংয়ে জন্মদিন উদযাপন করেছি অনেক আনন্দের সাথে। এখন ঘরোয়াভাবেই জন্মদিন কাটবে, কিছু এতিমখানায় ক্বোরআন খতম এবং খাওয়ার আয়োজন হচ্ছে।’
এছাড়া, জীবনের বর্তমান পর্যায়ে এসে পপি তার দর্শকদের জন্য একটি মূল্যবান উপদেশ দিয়েছেন— “নিজের পায়ের তলা শক্ত না করে পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেবেন না, কারণ পরবর্তীতে কেউ আর পাশে থাকে না।”
পপি তার স্বামী আদনানকে জীবনের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এবং চলচ্চিত্র পরিবারকেও তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।