
বিনোদন প্রতিবেদক : 2025-09-14
দেশের জনপ্রিয় লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন । গতকাল ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭১ বছর বয়সে মারা গেছেন তিনি । ফরিদা পারভীন কিডনি জটিলতায় ভুগছিলেন এবং কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি লালন সাঁইয়ের গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন এবং তাঁর গানে মিশে থাকা আধ্যাত্মিক দর্শন শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে।
১৯৫৪ সালে নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করা ফরিদা পারভীন ১৪ বছর বয়সে সংগীতজীবন শুরু করেন। তিনি প্রথমে নজরুলসংগীত গাইলেও পরবর্তীতে লালন সাঁইয়ের গান গেয়ে দুনিয়া জুড়ে খ্যাতি অর্জন করেন। তাঁর গাওয়া গানে যেমন ছিল আধ্যাত্মিকতা, তেমনি বাংলাদেশের সংস্কৃতির গভীরতা। তিনি একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হন।
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর পাশাপাশি দেশের বিভিন্ন শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।