
বিনোদন প্রতিবেদক : 2025-09-27
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে নতুন বাংলা সিনেমা ‘গোয়ার’। অবশেষে ২৪ সেপ্টেম্বর, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেলো ছবিটি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করে বলেন, এ ধরনের গল্পনির্ভর সিনেমা এখন সময়ের দাবি। সিনেমাটি হলে দর্শক টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। ছবির নায়ক রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন: গোয়ার গণমানুষের ছবি। গুলশানের দুঃখী মানুষ, গুলিস্তানের সংগ্রামী মানুষ, এক প্রতিবাদী যুবক, গার্মেন্টস কর্মী, রিকশাচালক, এমনকি একজন ধর্ষিতার গল্পও উঠে এসেছে এখানে। এই সিনেমা হবে হল বাঁচানোর হাতিয়ার, মানুষের বিবেক জাগানোর মাধ্যম। তিনি আরও যোগ করেন, এই ছবিতে দর্শকরা দেখবে একেবারে নতুন এক রাসেল মিয়াকে। এর আগে আমি কখনো এমন হরর ও প্রতিবাদী চরিত্রে অভিনয় করিনি। আশা করি ছবিটি ভালো ব্যবসা করবে এবং প্রমাণ করবে ঈদ ছাড়া সময়েও সিনেমা হিট হতে পারে। ‘গোয়ার’ সিনেমায় রাসেল মিয়ার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জাজ খ্যাত অভিনেত্রী জলি-কে। আরও আছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, মাহমুদুল ইসলাম মিঠু সহ আরও অনেক জনপ্রিয় মুখ। দর্শকদের বাড়তে থাকা আগ্রহের কথা মাথায় রেখে শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।