
বিনোদন প্রতিবেদক : 2026-02-01
বছর দুই আগে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভক্তদের উদ্দেশে ভালোবাসা নিয়ে ভিন্নধর্মী এক বার্তা দিয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, ভালোবাসা মানে শুধু লাল গোলাপ দেওয়া নয়, বরং প্রতিদিন সম্মান দেওয়া এবং নিজের অস্তিত্বকে মূল্য দেওয়া। সেই বার্তার বিশ্বাস আজও অটুট রেখেছেন এই অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’এর দ্বিতীয় মৌসুমের নবম পর্বে অতিথি হয়ে নিজের জীবনের নানা দর্শন, অভিজ্ঞতা ও অজানা কথা শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রায় ১০০ মিনিট ব্যাপ্তির এই পর্বে তিনি জীবনের উত্থান-পতন, সম্পর্ক, ক্যারিয়ার ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। পডকাস্টে নুসরাত ফারিয়া বলেন, “জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলোই আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন আর কে পর।” আলোচনার এক পর্যায়ে নিজের নাম নিয়ে মজার একটি তথ্য জানান তিনি। নুসরাত ফারিয়া বলেন, পারিবারিকভাবে তার নাম নুসরাত জাহান ফারিয়া। ছোটবেলা থেকেই মা আদর করে তাকে ‘সেতু’ নামে ডাকতেন। পরিবারের অনেক সদস্য এখনও তাকে সেই নামেই সম্বোধন করেন বলে জানান তিনি। পডকাস্টে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া জানান, খুব শিগগিরই নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে প্রেম ও বিয়ে নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ভক্তদের জন্য ছিল বেশ আগ্রহের বিষয়। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিয়া বলেন, ভালোবাসার সম্পর্কে থাকতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়। নিজের মানসিক শান্তি ও ভালো থাকাকে সব সময় অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের এই পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।পর্বটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।