
বিনোদন প্রতিবেদক : 2026-02-11
ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও কর্মচাঞ্চল্যে ভরপুর ‘মালিক’ সিনেমার টিম। জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত এই অ্যাকশনধর্মী সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়।
বর্তমানে সাভারের বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণের কাজ। সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, রাজশাহীতে প্রথম ধাপের শুটিং সফলভাবে শেষ করার পর এবার সাভারে শুরু হয়েছে
দ্বিতীয় ধাপের কাজ। বর্তমানে শুটিং সেটে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম। তবে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় নায়ক আরিফিন শুভ আপাতত শুটিংয়ে অংশ নিতে পারছেন না। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে শুভ দেশে ফিরবেন এবং এরপরই শুরু হবে সিনেমার শেষ লটের শুটিং। অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। প্রায় চার বছর পর বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে শুভ-মিম জুটিকে। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধেছিলেন তারা। জানা গেছে, চরিত্রের প্রয়োজনে আরিফিন শুভ ও মিম দুজনই নিয়েছেন বিশেষ ফিটনেস প্রশিক্ষণ এবং করেছেন কঠোর প্রস্তুতি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, দর্শকদের সামনে তারা হাজির হবেন সম্পূর্ণ নতুন ও ভিন্ন লুকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মালিক’। সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।