
বিনোদন প্রতিবেদক : 2026-02-19
অভিনয় জীবনের ২০ বছর পার করেছেন আইনূন পুতুল। ২০০৬ সালে ঘাটের কথা নাটকে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। এতে তিনি কুসুম চরিত্রে অভিনয় করেন এবং সেলিম আলদীন-এর সঙ্গে কাজ করার সুযোগ পান। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাঁতাও সিনেমায় অভিনয়ের জন্য তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ঘোষণার কথা জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। সিনেমাটি পরিচালনা করেছেন কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন)। এর আগে তিনি ঘেটুপুত্র কমলা, বৃহন্নলা, কৃষ্ণপক্ষ, ব্ল্যাক ওয়্যার, বিলডাকিনী ও রাতজাগা ফুল-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ সেশনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আইনূন পুতুল এমফিল সম্পন্ন করে বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে পিএইচডি করছেন। ২০১২ সাল থেকে তিনি নাটকের দল আরশী নগর-এর সঙ্গে যুক্ত এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করছেন। পুতুল বলেন,‘ শুরুতেই বলি- অভিনয় অঙ্গনে আমার পথচলা দেখতে দেখতে বিশটি বছর। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছেন। কৃতজ্ঞতা আমার সব নির্মাতা, সহশিল্পীসহ আমার চলার পাথে যাদের আমি সবসময় পেয়েছি। ধন্যবাদ সাঁতাও টিমকে জীবনের শ্রেষ্ঠ অর্জনটি পাইবার সুযোগ করে দেয়ার জন্য।’