
সংবাদ অনলাইন রিপোর্ট : 2026-02-22
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এই মামলায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। আদালত এজাহার গ্রহণ করে প্রথমে ৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বললেও পরবর্তীতে সময় বাড়ানো হয়।
প্রধান আসামিদের তালিকা
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন:
•সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও তাঁর মা লতিফা হক লুসি।
•চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই।
•খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমানের বাবা-মা তাঁর ইস্কাটনের বাসায় দেখা করতে গেলে সামিরা ও কর্মচারীরা জানান সালমান ঘুমাচ্ছেন। এর কিছুক্ষণ পরই খবর আসে সালমানের যেন কী হয়েছে। বাসায় গিয়ে সালমানকে শোবার ঘরে পড়ে থাকতে দেখা যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে সালমানের গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন অংশে নীলচে চিহ্ন দেখা গিয়েছিল। হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।