
বিনোদন প্রতিবেদক : 2026-02-24
ভালোবাসার মাসে ডিজিটাল পর্দায় নতুন বাংলা স্বল্পদৈর্ঘ্য ‘মিস্ট্রি ইন ব্লুম’। নির্মাতা শাওয়ানার লেখা ও পরিচালনায় নির্মিত কাজটি মুক্তি পায় বঙ্গ ও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ‘মিস্ট্রি ইন ব্লুম’-এ অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও শাওয়ানা। প্রযোজনায় রাসেল মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মহিবুল্লাহ (শান্ত), সম্পাদনায় সৌরভ হাওলাদার, রঙ সম্পাদনায় চিন্ময় রায়, সাউন্ড ডিজাইনে রিপন নাথ এবং সঙ্গীত পরিচালনায় জাহিদ নিরব। ভ্যালেন্টাইনের আবহে মুক্তি পাওয়া এই স্বল্পদৈর্ঘ্য ভালোবাসাকে অন্যভাবে দেখার এক নিমন্ত্রণ। সম্পর্কের ভেতরের নীরব রহস্যকে ছুঁয়ে যেতে চায় ‘মিস্ট্রি ইন ব্লুম’। এটি প্রচলিত প্রেমের গল্প নয়। এখানে সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে প্রশ্ন, দ্বিধা, অপ্রকাশিত অনুভব। গল্পটি ধীরে ধীরে এগোয় দর্শককে ভাবায়, থামায়, আবার নতুন করে অনুভব করতে শেখায়। দেখার পর এক ধরনের নীরব ভালো লাগা থেকে যাওয়ার কথা বলছেন নির্মাতা নিজেই। সুইডেন ও বাংলাদেশের সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা শাওয়ানা এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তার স্বল্পদৈর্ঘ্য ‘দ্য রোড টু মাই ফাদার’ আন্তর্জাতিক দশটি উৎসবে নির্বাচিত হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।