
বিনোদন প্রতিবেদক : 2026-03-10
আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’ এর ৫৪ সেকেন্ডের ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন। টিজারে তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। টিজারে দেখা যায়, নিশো দুর্গম পাহাড়ি ও মরুভূমির পরিবেশে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। অস্ত্রধারী একটি দল তাকে আটক করে এবং নির্মম নির্যাতনের শিকার হতে দেখা যায়। অভিনেত্রী পূজা চেরী চরিত্র ‘রানি’ হিসেবে আতঙ্ক ও অনিশ্চয়তা ফুটিয়ে তুলেছেন। এছাড়া অভিনেতা চঞ্চল চৌধুরীকে বন্দী অবস্থায় দেখা যায়। নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘টিজারটি মূল সিনেমার একটি ঝলক মাত্র। দুর্গম লোকেশনে এমন ভিজ্যুয়াল হয়তো আগে বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। ‘দম’ এখন শুধু আমাদের সিনেমা নয়, এটি দর্শকদেরও।’ আফরান নিশো বলেন, ‘দম’ একটি সারভাইভাল স্টোরি এবং অত্যন্ত ইমোশনাল। টিজারটি দর্শকদের ভালো লাগছে জেনে আমাদেরও আনন্দিত লাগছে।’ পূজা চেরী বলেন, ‘রানি খুবই দৃঢ় এবং বহুস্তরীয় চরিত্র। দর্শক সিনেমা দেখলেই সব স্তর বুঝতে পারবেন।’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। অধিকাংশ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকি অংশের শুটিং হয়েছে বাংলাদেশে। চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।