
বিনোদন প্রতিবেদক : 2025-08-25
এই প্রথম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রয়াণ দিবসে জুটি বাঁধলেন মামনুন ইমন ও শবনব ফারিয়া। সুপরিচিত নজরুলগীতি ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটির ভাবকে উপজীব্য করে কাহিনির বিস্তার হয়েছে। এক প্রেমিকার
আবেগময় আকুতি ফুটে উঠেছে ‘প্রিয় এমন রাত’ নামের এই টেলিছবিতে। মুশফিকুর রহমান গুলজারের চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ। গানটি নিয়ে গল্প নির্মাণ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘কবি নজরুলের অনেক জনপ্রিয় প্রেমের গান আছে, যা একটু অনুভূতি দিয়ে শুনলে বুঝতে পারা যায় এর পরতে পরতে ছড়িয়ে আছে কতো গল্প। আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে নাটকটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুল-এর কোনও নাটকে অভিনয় করেছেন। তাদের এই কাজটি খুব ভালো হয়েছে।’ টেলিছবিটি ২৭ আগস্ট বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।