
বিনোদন প্রতিবেদক : 2025-08-29
অভিনেত্রী ফারজানা চুমকির মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। এরপর তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ যোগ দেন। কিছুদিন বিরতির পর চুমকি আবারো মঞ্চে ফিরে আসেন এবং ‘দেয়াল’ নাটকে অভিনয় করেন, যেখানে তিনি একজন অধ্যাপকের চরিত্রে দেখা দেন। নাটকটি সেলিম আল দীন রচিত এবং নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। নাটকটি মঞ্চে প্রদর্শিত হওয়ার পর দর্শকরা তার অভিনয়ের প্রশংসা করেছেন। চুমকি এই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে আবারো নিয়মিত মঞ্চে অভিনয় করার পরিকল্পনা করছেন। এর আগে তিনি ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যেমন ‘হাত হদাই’, ‘বনো পাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈকতী কইন্যার মন’ ইত্যাদি। মঞ্চে অভিনয় সম্পর্কে চুমকি বলেন, ‘‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণায় আমি মিডিয়াতে আসি এবং মঞ্চের প্রতি ভালোবাসা কখনো কমেনি। মঞ্চে অভিনয় করি শুধু নিজের আনন্দের জন্য, কিন্তু দর্শকদের ভালোবাসা এবং প্রশংসাও আমাকে প্রেরণা দেয়।’’ চুমকি আরো জানান, খুব শীঘ্রই তিনি ফারুক আহমেদ-এর নির্দেশনায় ‘রঙমহল’ নামক একটি নতুন মঞ্চ নাটকে অভিনয় করবেন। এছাড়া তার সর্বশেষ ধারাবাহিক নাটক ছিল ‘স্মৃতির আল্পনা আঁকি’, এবং একমাত্র সিনেমা ছিল ‘পাপ পূণ্য’।