
বিনোদন প্রতিবেদক : 2025-09-02
‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাব লাভের পর মিডিয়াতে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। গত এপ্রিলে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তার কাজের ব্যস্ততা বেড়েছে। বিশেষত বিজ্ঞাপনে তার কাজ এখন অনেক বেশি দেখা যাচ্ছে। শাকিব আল হাসানসহ একাধিক নামকরা শিল্পীদের সঙ্গে তিনি বিজ্ঞাপন করেছেন। তার কিছু উল্লেখযোগ্য বিজ্ঞাপন হলো এসএমসি ড্রিংক ওয়াটার, রূপচাঁদা তেল, ফ্রেস চিনি, ভিশন রাইস কুকার, প্রাণ সচ, মিস্টার নুডলস ইত্যাদি, যা দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এর পাশাপাশি, প্রিয়াঙ্কা দীপ্ত টিভিতে প্রচারিত ‘একটি ভুল ও ফুলের গল্প’ নাটকে অপূর্বের সঙ্গে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। নাটকটি ২২ লক্ষের বেশি দর্শক উপভোগ করেছে এবং তার অভিনীত দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি ভিউ পেয়েছে। বর্তমানে, প্রিয়াঙ্কা মেগা ডিলস লিমিটেড কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং ডায়ম- হাউজ পূজা ক্যাম্পেইনের ফেস হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি, তিনি শীঘ্রই একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে যাচ্ছেন। প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, “আমার মিডিয়াতে আসার যাত্রা নতুন হলেও, আমি অনেক অভিনেতার কাজ উপভোগ করেছি এবং তাদের দেখে আমি নিজেও অভিনয়ে আগ্রহী হয়েছি। আমি বিশ্বাস করি, ভালো গল্প পেলে আমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো। সিনেমায় কাজ করার আগ্রহ অবশ্যই আছে, তবে আপাতত ভালো নাটকগুলোতে কাজ করে নিজেকে আরো প্রস্তুত করতে চাই।”