
বিনোদন প্রতিবেদক : 2025-09-03
এবার একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের। একটি দেশের প্রেক্ষাগৃহে, অন্যটি আসছে ওটিটিতে। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’। আর ওটিটিতে আসছে ‘জয়া আর শারমিন’। দুটি সিনেমার গল্প, নির্মাণশৈলী ও আবেগের ভিন্নতায় এগুলো হয়ে উঠেছে জয়ার ক্যারিয়ারে বিশেষ সংযোজন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এই সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া। ‘ফেরেশতে’ ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে। ২০২২ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল ?সিনেমাটি। চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ শিগগিরই আসছে। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে মুক্তির নির্ধারিত তারিখ। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বর মাসেই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ১৬ মে প্রথমে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এবার এটি চরকিতে দেখা যাবে ঘরে বসেই। এতে জয়া আহসান অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।