
বিনোদন প্রতিবেদক : 2025-09-08
দীর্ঘ দুই দশক পর চলচ্চিত্র থেকে বিদায় নেওয়া বর্ষীয়ান অভিনেত্রী শাবানা সম্প্রতি পাঁচ বছর পর দেশে ফিরেছেন। অভিনয়জীবনের সোনালী সময় পেরিয়ে, নিজের জীবনযাত্রা পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস শুরু করেন তিনি। তবে, দেশের প্রতি তার টান, মায়া এবং ভালোবাসা কখনোই কমেনি। মাঝে মাঝে কালেভদ্রে দেশে এলেও, এবারের সফরটি ছিল দীর্ঘ পাঁচ বছরের পর। শাবানার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকের প্রথমদিকে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। এরপর ‘চকোরী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পাকিস্তানি অভিনেতা নাদিম ছিলেন তার নায়ক। অভিনয়ে সফলতার শীর্ষে থাকা অবস্থায়, হঠাৎই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শাবানা। সেখানেই তিনি তার স্বামী, সন্তান এবং নাতি-নাতনির সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও গত পাঁচ বছরে দেশে ফিরে আসেননি, তবে তার ভালোবাসার দেশ বাংলাদেশে ফিরে আসা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। শেষবার ২০২০ সালে দেশে ফিরে, তিনি জানিয়েছিলেন যে, যদি সুযোগ পান, তাহলে সিনেমায় কাজ করতে আগ্রহী। স্বামী ওয়াহিদ সাদিকও মন্তব্য করেছিলেন, “যদি পরিবেশ অনুকূল হয়, তবে শাবানা চলচ্চিত্র প্রযোজনায়ও আসতে পারেন।” তবে সে সময় পরবর্তীতে কিছু হয়ে উঠেনি এবং মনোকষ্টে আবারও তিনি যুক্তরাষ্ট্র ফিরে যান। এবার শাবানা ঢাকায় ফিরেছেন, এবং বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন।