
বিনোদন প্রতিবেদক : 2025-09-10
কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও দেখা যায়নি নেহালকে! ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটা করে নির্মাতা পক্ষ জানালো সেই নেহালের ফেরার খবর। জানানো হলো, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। ৯ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা। বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব চ্যানেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ উন্মুক্ত হচ্ছে। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আট পর্ব করে দেখা যাচ্ছে।