
বিনোদন প্রতিবেদক : 2025-09-11
চরকি এই মাসে ‘সেপ্টেমব্লাস্ট’ উদযাপন করছে, যেখানে প্রতি সপ্তাহে একটি নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে। এর প্রথম কনটেন্ট ছিল সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’, আর দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘খুব কাছেই কেউ’। এটি চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন, যা জীবনের ছোট কিন্তু গভীর মুহূর্তগুলোকে তুলে ধরে। ‘খুব কাছেই কেউ’-এর গল্প রাবা খান লিখেছেন, আর এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আরাফাত মহসিন নিধি। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। গল্পটি একটি তরুণ-তরুণীর অ্যারেঞ্জ ম্যারেজের প্রেক্ষাপটে বিয়ের আগের ও দিনের কিছু মুহূর্ত নিয়ে সাজানো। এটি ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে প্রকাশিত হবে। রোমান্স ড্রামা ঘরানার কনটেন্টটিতে আরও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান
অনিক প্রমুখ। এতে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে। জানান, তার চরিত্রটি চঞ্চল, স্পষ্টবাদী এবং স্বাধীনচেতা। অনেকটা ব্যক্তি সুনেরাহ–এর মতোই। অভিনেত্রী বলেন, ‘গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘ দিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।’ রাকিন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘গল্পটিতে তরুণ–তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেস করি। তবে যার যার মতো করে ফেস করে। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন আশা করি।’গল্পটির প্রতি রাবা খানের ভালোবাসা এবং লেখার ইচ্ছা থেকে তৈরি হয়েছে, এবং নিধি পরিচালনা করেছেন রোমান্টিক ঘরানায়। ‘খুব কাছেই কেউ’ দর্শকদের জন্য একটি সুন্দর, মিষ্টি রোমান্টিক ড্রামা হতে চলেছে।