
বিনোদন প্রতিবেদক : 2025-09-12
প্রথমবারের মতো কোনও পডকাস্টে অংশ নিয়েছেন দেশ সেরা মডেল, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৭ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। এই পর্বটি প্রচার হবে আজ রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। এই বিশেষ পডকাস্টে হাজির হয়ে সাদিয়া ইসলাম মৌ বলেছেন এমন অনেক কথা, যা আগে কখনও তিনি বলেননি। অনেকেই বলেন, ৩৬ বছর ধরে দেশের শীর্ষ নারী মডেলের খেতাবটি তার কাছেই আছে। যদিও মৌ সেটি মানতে নারাজ। তিনি বলেন, ‘আমার পরেও অনেকে ভীষণ ভালো করেছে। তবে আমার পরের প্রজন্মের অনেকে যে আমার নামটি স্মরণ করেন, সেজন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ।’ মৌ আরও বলেন, ‘শুরুতে আমি অভিনয়ই করতে চাইনি। আগ্রহ পাইনি। এমনকি প্রথম নাটক প্রচারের পর আমার বন্ধুরাই বলেছে, এই কণ্ঠস্বর নিয়ে তুই আর অভিনয় করিস না! এটা স্বীকার করতে দ্বিধা নেই, মডেলিং আর নাচে আমি যতটা সময় দিয়েছি, অভিনয়ে ততোটা দেইনি।’ পডকাস্ট সেটে রুম্মান ও মৌ পডকাস্ট সেটে রুম্মান ও মৌ কথায় কথায় মৌ জানান, ’৯০ দশকে তাদের মডেলিং সার্কেলে সবার মধ্যে হৃদ্যতা ছিল, যা এখনও অটুট। বিশেষ করে নোবেলের সঙ্গে শুরু থেকে একই রকম বন্ধুত্ব রয়েছে তার। ‘নোবেল আমার বন্ধু। আমার এই বন্ধু আমাকে সবসময় সবকিছুতে প্রটেক্ট করেছে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার একটি সম্পর্ক শুরু থেকেই ছিল। যে কারণে হয়তো আমাদের জুটির রসায়ন পর্দায় এভাবে ফুটে ওঠে।’