
বিনোদন প্রতিবেদক : 2025-09-15
ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার তাকে এক অন্য রূপে দেখা গেল। আইটেম গার্ল হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই টিভিতারকা। নতুন এক ধারাবাহিকের আইটেম গানে নাচ করতে দেখা যাবে তাকে। মেগা সিরিয়াল ‘খুশবু’র প্রথম পর্বেই থাকবে ওই আইটেম গান। সেখানে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা। জীবনের কঠিন এক মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানামুখী সংগ্রাম ঘিরে নতুন এই মেগা সিরিয়ালের গল্প। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহিকেও। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় ধারাবাহিকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভি ও দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে।